ব্যুরো চীফ, বরিশাল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মের মধ্যে ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশের নাগরিক এবং সমভাবে নিরাপত্তা ভোগ করার অধিকার রাখেন। তাই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়া বিএনপির সকল নেতাকর্মীর দায়িত্ব ও কর্তব্য।
বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, তারেক রহমানের নির্দেশে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল বিভাগের সর্বাধিক পূজামণ্ডপের উপজেলা আগৈলঝাড়ার হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানের জন্য শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাশাইল বাজারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজার শেষপর্যন্ত আমি নিজে আপনাদের সঙ্গে অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবো।
সমাজের কতিপয় দুষ্কৃতকারী যেন অপকর্ম করে বিএনপির ওপর দায়ভার চাপাতে না পারে, সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।








