শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্য: আবদুস সোবহান

ব্যুরো চীফ, বরিশাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন—শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে বিএনপি বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।

তিনি আরও বলেছেন—আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান, দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়; এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। এজন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসবে সর্বাত্মক নিরাপত্তা দিতে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মন্দিরভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। যারা নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত বরিশাল বিভাগের সবচেয়ে বেশি (১৭৪টি) পূজা মণ্ডপের উপজেলা আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের পাকুরিতা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, গোবিন্দ মন্দির সার্বজনীন, বাকাল হাট, কোদালধোয়া, জলিরপাড়, পয়সারহাট সার্বজনীন দুর্গা মন্দির, বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা সার্বজনীন, নাঘিরপাড়, আস্কর কালীবাড়ি (নতুন), আস্কর কালীবাড়ি সার্বজনীন, বারপাইকা স্কুলবাড়ি সার্বজনীন, মোল্লাপাড়া, মোহনকাঠী, থানেশ্বর ও ঐচারমাঠ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান প্রতিটি দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও মণ্ডপের ভক্ত-অনুরাগীদের কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।

বারপাইকা স্কুলবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও মণ্ডপের ভক্ত-অনুরাগীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন—বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

সবাই মিলে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান উপস্থিত সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।

আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সাথে আগৈলঝাড়া উপজেলা বিএনপি, তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ