ব্যুরো চীফ, বরিশাল
সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে বরিশাল সিটি করপোরেশন সংলগ্ন হাজী মহসিন মার্কেট ও এর আশপাশ এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রহমাতুল্লাহ আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান বাধা সন্ত্রাস ও দুর্নীতি। এই দুটি রোধ করতে পারলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করে ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়তে চান।
ইতোমধ্যে ৩১ দফার কর্মসূচি দেশের মানুষ আন্তরিকভাবে গ্রহণ করেছে। কিন্তু একটি মহল মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বিএনপি এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনকে কলুষিত করার অপচেষ্টা চালাচ্ছে।

রহমাতুল্লাহ আরও বলেন, আগামী নির্বাচনে মানুষ ৩১ দফার পক্ষে রায় দিয়ে ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে প্রস্তুত।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হলে সিটি করপোরেশনকে একটি অত্যাধুনিক নগরীতে রূপান্তর করা হবে।
অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, নগর যুবদল নেতা জিয়াউল ইসলাম মাসুম, স্বাধীনতা ফোরামের মহানগর সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।








