দিব্যতনু দাস, বাগেরহাট
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেছেন, মাদক ও দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দুর্নীতি এত বেশি খারাপ— যারা দুর্নীতি করেন, তারা নিজেরাও প্রকাশ্যে দুর্নীতির বিরোধিতা করেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। আর মাদক হচ্ছে এইডস, বিবেকের এইডস। এইডস হলে যেমন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে যায়, তেমনি মাদকগ্রহণকারী ব্যক্তির কাছেও বিবেক-বুদ্ধি কিছু থাকে না। তার বিবেকের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে যায়। মাদকাসক্ত সন্তান টাকার জন্য তার বাবা-মাকে হত্যা করছে। আমরা যত বেশি কোরআনের কাছে আসব, তত বেশি এই সামাজিক ব্যাধি থেকে রক্ষা পাব।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর ছিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে তারা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিল— একটি সুষ্ঠু, সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের জন্য— আমরা সবাই মিলে সেভাবে কাজ করব।” তিনি সকলকে রাষ্ট্রীয় আইন মেনে সরল পথে চলার আহ্বান জানান।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ মিরনুজ্জামান মিরনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর অ্যাড. আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের যুব বিভাগের প্রধান মঞ্জুরুল হক রাহাদ, বিএনপি নেতা শমসের আলী মোহন, সৈয়দ নাসির আহমেদ মালেক, ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুজিবুর রহমান শামীম প্রমুখ।
সমাবেশে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।








