শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নার্সিং কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল সরকারি নার্সিং কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং ওই তিন শিক্ষককে বর্জনের ঘোষণা দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শিক্ষার মানোন্নয়নের দাবিতে চলতি বছরের মে মাসে আন্দোলনের সময় কয়েকজন শিক্ষক বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালান। এরপর থেকে তারা অভিযুক্ত তিন শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়িত হয়নি। এ কারণে তারা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীরা আরও জানান, গত ৬ মে চার দফা যৌক্তিক দাবিতে সারা দেশের নার্সিং কলেজগুলোর আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তারা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। কিন্তু আন্দোলনে হামলার প্রত্যক্ষ মদদদাতা এবং বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের লাঞ্ছনা, হেনস্তা, হুমকি প্রদান, ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি, আধিপত্য বিস্তার, নারী শিক্ষার্থীদের প্রতি অশালীন মন্তব্য এবং যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত শিক্ষক আলী আজগর এখনো স্বপদে বহাল আছেন।

এছাড়া শিক্ষার্থীদের হুমকি দেওয়া, হামলায় সরাসরি অংশগ্রহণ, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে অভিযুক্ত শিক্ষক সাইব হোসাইন রনি ও ফরিদা বেগমকেও অপসারণ করা হয়নি।

শিক্ষার্থীরা দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ