ব্যুরো চীফ, বরিশাল:
রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পাঁচদিন পার হলেও পঞ্চম শ্রেণির ছাত্রী নুসরাত আক্তারকে (১৩) এখনও খুঁজে পাওয়া যায়নি। একমাত্র মেয়ের সন্ধান না পেয়ে বাবা রাসেল হোসেন ও মা শম্পা বেগম এখন প্রায় পাগলপ্রায় হয়ে পড়েছেন।
নিখোঁজ নুসরাত বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পোল এলাকার মাঠরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একই এলাকার বাসিন্দা রাসেল হোসেনের একমাত্র মেয়ে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে নিখোঁজ ছাত্রীর মা শম্পা বেগম জানান, গত ১২ আগস্ট সকালে স্কুলে গেলেও নির্ধারিত সময়ে আর বাসায় ফেরেনি। পরে স্কুলসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সেদিনই এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন বলেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধানে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে তার কাছে কোনো মোবাইল ফোন না থাকায় অবস্থান শনাক্ত করতে সময় লাগছে।








