,

নিরাপত্তার অভাবে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে অধিকাংশ ছাত্রী

ব্যুরো চিফ, বরিশাল:

নিরাপত্তার অভাবে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। অনেক অভিভাবক নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মেয়েদের সঙ্গে স্কুলে আসা-যাওয়া করছেন। যেদিন অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে আসেন না, সেদিন অনেক ছাত্রী স্কুলে আসে না।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এমনই অভিযোগ করেছেন অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পূর্ব কাদিরাবাদ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তারের (১৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্কুল শিক্ষার্থীরা। উপজেলার জয়নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার (৩ আগস্ট) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সভায় জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, দক্ষিণ ঘোড়াবাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. রুস্তম আলী, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলামিন প্রমুখ।

বক্তারা বলেন, মরিয়মের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশে এ ধরনের অপরাধ বেড়েই চলবে। এ ঘটনার পর অনেক ছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। কারণ, অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মেয়েদের সঙ্গে স্কুলে আসা-যাওয়া করছেন। যেদিন অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে আসেন না, সেদিন অনেক ছাত্রী স্কুলে আসে না। বক্তারা স্কুলছাত্রী মরিয়মের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবি জানান।

হত্যাকাণ্ডের শিকার হওয়া মরিয়ম আক্তার পূর্ব কাদিরাবাদ গ্রামের মো. কবির হাওলাদারের মেয়ে। গত ৭ জুলাই স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মরিয়ম নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে পরদিন ৮ জুলাই কাজিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন মরিয়মের বাবা। ২৫ জুলাই স্কুল ও বাড়ির যাতায়াতের রাস্তার পাশে ডোবার মধ্যে মরিয়মের স্কুল ব্যাগ ভেসে ওঠে।

পরবর্তীতে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরিয়মের স্কুল ব্যাগ ও পায়ের একটি জুতাসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে। এ ঘটনায় গত ২৬ জুলাই নিহত মরিয়মের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কাজিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কাজিরহাট থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলেও ওসি উল্লেখ করেন।

এর আগে একই দাবিতে গত ২৮ জুলাই পূর্ব কাদিরাবাদ বিদ্যালয় ও ভাঙা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মরিয়ম হত্যার বিচারের দাবিতে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ