শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

ব্যুরো চীফ, বরিশাল:

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকায় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন দলটির নেতাকর্মীরা।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলায় জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী জড়িত। তারা বলেন, প্রথমে পুলিশ ও সেনা সদস্যরা হামলা চালায়, পরে জাতীয় পার্টির কর্মীরা হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা করে। নুর মাটিতে লুটিয়ে পড়ার পর লাল টি-শার্ট পরিহিত এক যুবক তাকে বেধড়ক মারধর করে। পরে ওই যুবককে আটক করা হলেও ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

বক্তারা এ ঘটনার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সতর্ক করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ