শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নুরের ওপর হামলা সমর্থনযোগ্য নয়: হেলাল

ব্যুরো চীফ, বরিশাল:

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে ভিপি নুরুল হক নুরের ওপর হামলা কখনোই সমর্থনযোগ্য নয়। এখনই যদি এ ধরনের ঘটনা বন্ধ না করা হয়, তা ভবিষ্যতে দেশের জন্য এবং রাজনীতির জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “আমরা সবাই দেখেছি ঘটনাটি কীভাবে ঘটেছে। লাইভ ভিডিও ও স্থিরচিত্রে সবই ধরা পড়েছে। আমরা আশা করি, যাদের দায়িত্ব রয়েছে, তারা বিষয়টি গভীরভাবে দেখবেন। কোথাও ভুল বা অন্যায় হয়ে থাকলে সঠিক পদক্ষেপ নেবেন।”

তিনি আরও বলেন, “সরকার এবং প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা—এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুল হয়ে থাকলে জাতির সামনে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।”

দেশের জনগণ রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা করছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আশা করি আগামী নির্বাচনে নতুন পরিবর্তনের মাধ্যমে মানুষ জামায়াতকে বেছে নেবে। পিআর পদ্ধতি নিয়ে আমরা আমাদের যুক্তি তুলে ধরেছি। এটি হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে, তবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে এটি নিয়ে আলোচনা হচ্ছে এবং বহু দলই এ পদ্ধতি সমর্থন করে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতের আমীর ও বরিশাল-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা আমীর ও বরিশাল-৪ আসনের প্রার্থী অধ্যাপক আবদুল জব্বার, বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ