শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পকেট বাণিজ্যের রাজনীতি বন্ধ করতে হবে: রাজন

ব্যুরো চীফ, বরিশাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেছেন, বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। দলকে টাকার কাছে বিক্রি করে পকেট বাণিজ্যের রাজনীতি আর চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গড়া দলকেই দেখতে চায়। ফ্যাসিবাদের পতনের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি। অসংখ্য ছাত্র-জনতা, শ্রমজীবী ও সাধারণ মানুষ জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। যারা দলকে টাকার কাছে বিক্রি করে আওয়ামী মনোভাবাপন্নদের জায়গা করে দিয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ সেপ্টেম্বর বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের সঙ্গে যাদের সখ্যতা রয়েছে, তাদের বিএনপির কমিটিতে রাখা যাবে না। অথচ টাকার বিনিময়ে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি সুখী-সমৃদ্ধ দেশ।

সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক শিকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাস্থল উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্রে মুখরিত হয়ে জনসভায় রূপ নেয়। সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাকেরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ