ব্যুরো চিফ, বরিশাল
পাখির ব্যবসার আড়ালে মাদক সরবরাহ ও বিক্রির অভিযোগে শাহ মো. সাইফুল্লাহ (৩৮) নামের এক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পাখির খাবারের ধানের বস্তার ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক শাহ মো. সাইফুল্লাহ বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের গণপাড়া দিঘীরপাড় এলাকার বাসিন্দা এবং কাশিপুর বাজারের “মেহেন্দিগঞ্জ পাখি ঘর” নামক দোকানের মালিক।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. ছগির হোসেন জানান, সাইফুল্লাহর কাছে বিপুল পরিমাণ গাঁজা মজুত আছে—এমন তথ্য তার পরিবারের সদস্যদের কাছ থেকেই ডিবি পুলিশ জানতে পারে।
বিষয়টি যাচাই-বাছাইয়ের পর সোমবার বিকেলে কাশিপুর বাজারস্থ তার মালিকানাধীন দোকান “মেহেন্দিগঞ্জ পাখি ঘর”-এ অভিযান চালানো হয়। সেখানে পাখির খাবারের ধানের বস্তার ভেতর থেকে একটি প্যাকেটে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিবি পুলিশ জানায়, আটক সাইফুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে স্থানীয় পেশাদার মাদক কারবারি রাজার সঙ্গে। মূলত রাজাসহ অন্যান্যরা সাইফুল্লাহর কাছে থাকা মাদক সংগ্রহ করে বিক্রি করতো, আর এতে সেও লাভবান হতো। কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এনে এই মাদক কৌশলে বরিশালের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।








