,

প্রধানশিক্ষক আওয়ামী পন্থি : ষড়যন্ত্রের শিকার বিএনপি পন্থি সভাপতি

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের শুরু থেকেই বিদ্যালয়ের প্রধানশিক্ষক আনিসুর রহমানের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এসব ষড়যন্ত্রেরই শিকার হয়েছেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এইএম সোহাগ হাওলাদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, চরাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান প্রধানশিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু বা তার ছোট ভাই ও ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের সময় প্রধানশিক্ষকের পছন্দের প্রার্থীই সবসময় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয় থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল হলে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন সোহাগ হাওলাদার। কিন্তু পছন্দের প্রার্থীকে সভাপতি করতে না পেরে প্রধানশিক্ষক আনিসুর রহমান তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ অভিযোগের অংশ হিসেবে প্রধানশিক্ষক নামে-বেনামে বরিশাল শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে সোহাগ হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কোনো কারণ দর্শানো ছাড়াই সোহাগ হাওলাদারকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেন।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী বলেন, “চরাদী ইউনিয়নের সাইফুল মৃধা নামে একজন সভাপতির বিরুদ্ধে জাল সনদের অভিযোগ করেছিলেন। যাচাই করে আমরা জাল সনদের প্রমাণ পাইনি। তবে কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এডহক কমিটির সাবেক সভাপতি সোহাগ হাওলাদার বলেন, “ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছে একটি কুচক্রী মহল। বিদ্যালয়ের উন্নয়নে আমি সবসময় পাশে থেকেছি। আমার সার্টিফিকেট জাল নয়। বিদ্যালয় নিয়ে যাতে বিতর্ক না হয়, সে জন্যই শিক্ষা বোর্ড থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ