ব্যুরো চিফ, বরিশাল:
গত কয়েক দিনের টানা প্রবল বর্ষণে বরিশালের জনগুরুত্বপূর্ণ গৌরনদী-সরিকল সড়ক ধসে বিশাল গর্তসহ গৌরনদীর হ্যালিপ্যাড সড়কে অসংখ্য বিশালাকার গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
রবিবার (৩ আগস্ট) দুপুরে সরেজমিনে স্থানীয় বাসিন্দারা জানান, ২ আগস্ট দিবাগত রাতে নলচিরা ইউনিয়নের মোল্লার খালপাড় এলাকায় সড়ক ধসে মাঝখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি ধসে পড়ে সু-বিশাল গর্ত তৈরি হওয়ায় ওই স্থান দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
সূত্রে আরও জানা গেছে, গৌরনদী উপজেলা সদর থেকে সরিকল ও নলচিরা ইউনিয়নবাসীসহ পাশ্ববর্তী কালকিনি উপজেলার কয়ারিয়া, মুলাদীর নাজিরপুর ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতে এই সড়কটিই একমাত্র ভরসা।
স্থানীয় ইজিবাইক চালক জসিম সরদার বলেন, সড়ক ধসের কারণে সু-বিশাল গর্ত তৈরি হওয়ায় যান চলাচল বন্ধ থাকায় শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের জীবিকা বন্ধ হয়ে গেছে। টরকী বন্দর থেকে ব্যবসায়ীদের মালামাল নিয়ে পিঙ্গলাকাঠী বাজারের উদ্দেশে যাওয়া পিকআপ চালক রবিউল শরীফ বলেন, সড়কে বিশাল গর্ত হয়ে যাওয়ায় আটকে পড়েছি। সময়মতো মালামালগুলো ব্যবসায়ীদের গন্তব্যে পৌঁছে দিতে পারছি না।
অন্যদিকে, জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলার হ্যালিপ্যাড সড়কের বিভিন্ন স্থানে বিশালাকার অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এমনকি জনসাধারণের পায়ে হেঁটে চলাচলও এখন দুরূহ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা দ্রুত উভয় সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন।
গৌরনদী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. অহিদুর রহমান বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক শনিবার রাতে গৌরনদী-সরিকল সড়কের মোল্লার খালপাড় এলাকা অতিক্রমকালে সড়কে ধস দেখা দেয়। তিনি আরও বলেন, খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধসে পড়া অংশে দ্রুত সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগুরুত্বপূর্ণ হ্যালিপ্যাড সড়কটি গৌরনদী পৌরসভার অন্তর্ভুক্ত বলেও তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে গৌরনদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আর মৌরি বলেন, বর্ষা মৌসুমের পর পুরো হ্যালিপ্যাড সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হবে।








