সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রশাসনের হস্তক্ষেপে ২০টি পরিবার হলো মুক্ত

ব্যুরো চিফ, বরিশাল

অবশেষে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তার মধ্যে নির্মিত পাকা দেয়াল ভেঙে উন্মুক্ত করেছে প্রশাসন। ফলে দীর্ঘদিন অবরুদ্ধ হয়ে থাকা এসব পরিবারের সদস্যরা দখলদারিত্বের কবল থেকে মুক্ত হয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার তিখাসার এলাকার। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

তিনি জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে পৌরসভার অনুমতি ছাড়াই নির্মিত দেয়াল শ্রমিক দিয়ে ভেঙে দেন এবং রাস্তা উন্মুক্ত রাখার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান, দেলোয়ার হোসেনসহ অনেকে জানান, তিখাসার গ্রামের রবিউল ভিলা সংলগ্ন পাইকবাড়ি এলাকার প্রায় ২০টি পরিবারের দীর্ঘদিনের একমাত্র চলাচলের রাস্তা তারা নিজেরা অর্থায়ন করে বারবার মেরামত করেছেন। সম্প্রতি গৌরনদী পৌরসভা থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হলে ওই এলাকার প্রবাসী কামাল সরদার ও তার পরিবার বাঁধা দেন।

পরে নিজের ক্রয়কৃত জমি দাবি করে কামাল সরদার চলাচলের ওই রাস্তার মাঝখানে পাকা দেয়াল নির্মাণ করেন। এতে ২০টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

ঘটনা জানার পর ইউএনও ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির নির্দেশে রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে দেয়াল ভেঙে দেন।

এ বিষয়ে প্রবাসী কামাল সরদার বলেন, “২০১১ সালে আমি ২০ শতক জমি কিনেছি। স্থানীয় কয়েকজন তিনটি রাস্তার দাবি করেছিলেন। আমি প্রধান সড়কের জন্য ইতোমধ্যে এক শতক জমি দিয়েছি। কিন্তু বাকি দুটি রাস্তার জন্য জমি না দেওয়ায় স্থানীয়রা আমার জমিতে নির্মিত দেয়াল একাধিকবার ভেঙেছে। এবার পুনরায় দেয়াল নির্মাণ করলে প্রশাসন এসে তা ভেঙে দেয়।”

এ সংক্রান্ত মূল খবর নীচের লিংকে..

২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মাণ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ