ব্যুরো চীফ, বরিশাল
বরিশালে ফরচুন সুজ লিমিটেডের রপ্তানিযোগ্য কোটি টাকার জুতা আত্মসাতের চেষ্টাকালে দুইটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাইও রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি ইসমাইল হোসেন জানান—
গ্রেপ্তারকৃতরা হলেন ফরচুন সু কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই রবিউল ইসলাম (৪০), কাভার্ড ভ্যানচালক বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রাজকর খান বাড়ির বাসিন্দা আব্দুর রব খানের ছেলে জামাল হোসেন (২৯) এবং ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল মধুহাটি এলাকার শুক্কুর আলীর ছেলে মো. শান্ত (২৬)।
কাউনিয়া থানার ওসি ইসমাইল হোসেন জানান, গত বুধবার ফরচুন সুজ লিমিটেডের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার জাহিদ হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই তিনজনের নামধারীসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে ফরচুন সুজ লিমিটেডের নেদারল্যান্ডে রপ্তানির উদ্দেশ্যে শিপমেন্টের জন্য পাঠানো ১০ হাজার ৮১২ জোড়া জুতা, যার আনুমানিক মূল্য এক কোটি টাকা, আত্মসাতের উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।
ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৩০ অক্টোবর দিবাগত রাতে জুতা বোঝাই দুইটি কাভার্ড ভ্যান উদ্ধারসহ উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই হরষিত মণ্ডল বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ছগীর হোসেন ও থানার একটি দল যৌথভাবে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
৩০ অক্টোবর দিবাগত গভীর রাতে পরিচালিত অভিযানে জুতা বোঝাই কাভার্ড ভ্যান দুইটিসহ মামলার নামধারী তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযানিক দল বরিশালে পৌঁছায়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








