ব্যুরো চীফ, বরিশাল:
মাত্র ১৫ মাস বয়সের ফুটফুটে শিশু কন্যা ইকরা জন্মের পর থেকেই কিডনি রোগে ভুগছে। এরই মধ্যে তার বাবা ধার-দেনা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করে নিঃস্ব হয়ে পড়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, ইকরার উন্নত চিকিৎসার জন্য এখনও প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অসহায় পরিবারের পক্ষে এত অর্থ জোগাড় করা এখন অসম্ভব। ফলে অর্থাভাবে বর্তমানে চিকিৎসাহীন অবস্থায় রয়েছে ছোট্ট ফুটফুটে শিশু ইকরা।
ইকরার বাবা, আরিফুল ইসলাম আরিফ, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের বাসিন্দা। তিনি ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী (দপ্তরী) এবং দুই সন্তানের জনক। ইকরার একমাত্র মেয়ে হওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেশি।
আরিফুল ইসলাম জানিয়েছেন, জন্মের পর থেকেই ইকরা নানা অসুখে ভুগছিল। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পর জানা যায়, তার দুটি কিডনি একই পাশে (ডান দিকে) অবস্থান করছে। ফলে কিডনির স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে এবং ফোলা ও ইনফেকশন দেখা দিয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, একটি কিডনি অপসারণ করে বাম পাশে প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আরিফুল ইসলামের পক্ষে এত টাকা জোগাড় করা এখন অসম্ভব হয়ে পড়েছে।
অসহায় পরিবারটি তাদের একমাত্র কন্যা ইকরার জীবন বাঁচাতে সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে।
সরাসরি যোগাযোগ: 01745-153194 (আরিফ)
সহযোগিতা পাঠাতে বিকাশ/নগদ: 01715-458862 (মাজারুল)








