ব্যুরো চীফ, বরিশাল:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে কোনো সাড়া না পেয়ে ফের মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগস্ট) বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ববির মূল গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকে যানজট দেখা দেয়, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এর আগে গত রবিবার শিক্ষার্থীরা একই মহাসড়ক এক ঘন্টা বন্ধ রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। তারা ইউজিসির সঙ্গে যোগাযোগের আহবান জানিয়েছিলেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা অপেক্ষা করেছিলেন, কিন্তু ইউজিসির কোনো প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থী শওকত ওসমান বলেন, “১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট কাটেনি। বর্তমানে সাতটি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য অন্তত ৭৫টি কক্ষ প্রয়োজন, কিন্তু আছে মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করতে হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। এছাড়া আবাসন, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও প্রকট। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে।”
ববির ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। তবে প্রতিটি কাজের একটি প্রক্রিয়া আছে। নতুন ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৯ লাখ টাকার ফিজিবিলিটি স্টাডির কাজ খুব দ্রুত শুরু হবে। এছাড়া জমি অধিকরণের জন্য জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে চলমান। পরিবহন সমস্যার সমাধানে নতুন অর্থবছরে নতুন গাড়ি কেনা হবে।”
বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীরা প্রায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছিল। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।








