ব্যুরো চিফ, বরিশাল:
বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বর্ষপূর্তি পালনের কর্মসূচিতে যাওয়ার পথে মিরাজ ফকির (৪৬) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে হিটস্ট্রোকে মৃত্যুবরণ করা মিরাজ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।
এ ঘটনায় আরও ১০ জন বিএনপি কর্মী-সমর্থক হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান জানান, “আগৈলঝাড়া থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ছোট ছোট যানবাহনে করে আমরা গৌরনদীর কর্মসূচিতে এসেছি। পথিমধ্যে বাকাল ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিরাজ ফকির অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
মৃত মিরাজ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারী ছিলেন।
গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মুনীম বলেন, “হাসপাতালে আনার আগেই মিরাজের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।” তিনি আরও জানান, “এছাড়া আরও ১০ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।”
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিজয় মিছিলের পূর্বে সকাল সাড়ে ১০টায় গৌরনদী কলেজ মসজিদ মাঠে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির একাংশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।








