,

বকেয়া বেতনের দাবিতে ফরচুন জুতার কারখানার শ্রমিকদের বিক্ষোভ

ব্যুরো চীফ, বরিশাল:

বকেয়া বেতনের দাবিতে বরিশাল নগরীর কাউনিয়ার বিসিক শিল্প এলাকায় ফরচুন জুতার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে বেলা সাড়ে ১১টার পর পর্যন্ত এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারা পেটের দায়ে এই কারখানায় কাজ করছেন। তবে দুই মাস ধরে বেতন দেওয়া হয়নি। পাশাপাশি ওভারটাইমের মজুরিও পরিশোধ করা হচ্ছে না। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। এরই জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক সুপারভাইজার এক শ্রমিককে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, ফরচুন সুজ লিমিটেড ও একই মালিকানাধীন প্রিমিয়ার ফুটওয়ার লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় সুপারভাইজাররা শ্রমিকদের দমাতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন। পরে উত্তেজিত শ্রমিকরা প্রিমিয়ার ফুটওয়ার লিমিটেডের গেটে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিক ও সুপারভাইজারদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে শ্রমিকরা কারখানার গেট ভাঙচুরের চেষ্টা চালান। পরে ফরচুন সুজ কারখানার মালিক মো. মিজানুর রহমান বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ