শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

ব্যুরো চিফ, বরিশাল:

বন্ধুর ছুরিকাঘাতে আহত মোটর মেকানিক ইয়াসিন (২৪) সাতদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

নিহত ইয়াসিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের বাসিন্দা মানিক হোসেনের একমাত্র ছেলে। বাবুগঞ্জ কলেজগেট এলাকায় নিজস্ব দোকানে তিনি মোটর মেকানিক হিসেবে কাজ করতেন।

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি আল মামুনুল ইসলাম বলেন, “ধারের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াসিন নিহত হয়েছেন। নিহতের বাবা বাদী হয়ে পাঁচজনের নামোল্লেখসহ আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নামোল্লেখ করা আসামিরা হলেন একই গ্রামের রাসেল সিকদারের ছেলে মমিনুল ইসলাম লিমন (২০), ইমন (২৪), প্রধান আসামির মা নাজমা বেগম (৪৫), চাচাতো ভাই রিপন ও রাকিব।

নিহতের পরিবার জানায়, ইয়াসিন ও আসামি লিমন দুই বন্ধু ছিলেন। মোটরসাইকেল কেনার জন্য সম্প্রতি ইয়াসিনের কাছ থেকে লিমন ১৫ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত না দেওয়ায় লিমনের কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে নেন ইয়াসিন।

গত ২২ আগস্ট টাকা দেওয়ার কথা বলে লিমন ইয়াসিনকে ফোনে ডেকে মহিষাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীর পাড়ে নেয়। সেখানে ইয়াসিনকে নদীতে ফেলে মারধর করা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে ইয়াসিনকে উদ্ধার করা হয়।

পরে ওইদিন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির সামনে ইয়াসিনকে আটক করে ৪-৫ জন ব্যক্তি মারধর করে। এক পর্যায়ে লিমন ধারালো ছুরি দিয়ে ইয়াসিনের পেটে আঘাত করে। তার চিৎকার শুনে ইউপি সদস্য মিজানুর রহমান এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সেদিন রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইয়াসিনের বাবা মানিক হোসেন বলেন, “আমার একমাত্র ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে মীমাংসার প্রস্তাব দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো মীমাংসা চাই না। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ