,

ববি প্রেসক্লাবের সাবেক সভাপতির ওপর হামলা

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্যাম্পাস রিপোর্টার মাহাবুব হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।

মাহাবুব হোসেন জানান, গত ২৯ আগস্ট রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের বিপরীত পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র মেহেদী হাসান ও তার ৭-৮ জন সহযোগী তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটায়। হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেবামেক হাসপাতালে ভর্তি করেন।

মাহাবুব বলেন, “হামলাকারীদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। কেন তারা এমন হামলা চালিয়েছে, তা এখনও বুঝতে পারছি না।”

তিনি আরও জানান, তিনি অরাজনৈতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। লিখিত অভিযোগে তিনি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ