সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। রবিবার (২৪ আগস্ট) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে আধাঘণ্টার জন্য ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আটদিন ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোন প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই মহাসড়ক অবরোধে তারা বাধ্য হন।

শিক্ষার্থীরা জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের সঙ্গে যোগাযোগ না করে, তবে দক্ষিণবঙ্গকে অচল করে দেওয়া হবে।

তারা অভিযোগ করেন, কীর্তনখোলা নদীর তীরে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ বছরেও শ্রেণিকক্ষ সংকট মিটেনি। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর পাঠদানের জন্য কমপক্ষে ৭৫টি কক্ষ প্রয়োজন হলেও বর্তমানে রয়েছে মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করা হচ্ছে। এছাড়া শিক্ষক, আবাসন, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকট প্রকট আকার ধারণ করেছে।

শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে দিকে তাকাবেন সেদিকেই সংকট। আমরা এবার বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনে নেমেছি। যদি আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হয়, তবে আমরা কঠোর কর্মসূচি চালাব।”

অপর শিক্ষার্থী ইনজাম শাওন জানান, “যৌক্তিক দাবিগুলো অতিদ্রুত মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিয়েছি।”

আধাঘণ্টার সড়ক অবরোধের কারণে রাস্তার দুইপাশে কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। প্রচণ্ড গরমের মধ্যে যানবাহনে থাকা যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ