ব্যুরো চীফ, বরিশাল
চোরাই মালামাল ও ইয়াবাসহ জুয়েল (৪০) ওরফে সিটি জুয়েল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আটককৃতকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
আটক জুয়েল সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের আলমগীর মৃধার ছেলে।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফারুক হোসেন জানিয়েছেন, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েই চলেছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা এলাকার চিহ্নিত চোর জুয়েলের বাড়ি ঘিরে ফেলে তদন্ত কেন্দ্রে খবর দেয়।
এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে (জুয়েল) জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে জুয়েলের স্বীকারোক্তি মতে ১৬ পিস ইয়াবা, চোরাই একটি খাট, ফ্রিজ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
একই দিন বিকেলে আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে আটক জুয়েলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে আটক জুয়েলের স্বজনরা জানিয়েছেন—স্থানীয় কতিপয় ব্যক্তি ষড়যন্ত্র করে তাকে (জুয়েল) ফাঁসিয়েছে।








