ব্যুরো চিফ, বরিশাল
জমি নিয়ে বিরোধের জেরে বাবুল বেপারী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এ সময় হামলা ঠেকাতে গিয়ে একই পরিবারের আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বিকেলে মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দড়িরচর লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা বাবুল বেপারীর সঙ্গে প্রতিবেশী করিম মল্লিকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একাধিক দেওয়ানি মামলা চলমান রয়েছে।
সূত্রে আরও জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় কাঠেরপুল সংলগ্ন এলাকায় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে করিম মল্লিকের নেতৃত্বে ইউসুফ মল্লিক, বেল্লাল সরদার, জুলহাস সরদার, সুলায়মান সরদার, রাজীব শরীফ, নাজমুল সিকদার, বাপ্পি হাওলাদারসহ ১৫-২০ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে বাবুল বেপারীর ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
বাবুল বেপারীর চিৎকার শুনে তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে তার ভাতিজা আলীম বেপারী (৪০) ও ভাতিজি রেশমা বেগমকে (৩৫) কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল বেপারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। তবে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








