ব্যুরো চিফ, বরিশাল
বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যাত্রীবাহী দুটি ট্রলারের সংঘর্ষে আব্দুল মান্নান বেপারী (৮০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
তিনি উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা হলেও নদীভাঙনের কারণে বর্তমানে গরদ্বার গ্রামে পরিবারসহ বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, পশ্চিম পাড় থেকে ছোট ট্রলারযোগে বন্দর বাজারে যাচ্ছিলেন মান্নান বেপারী। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।








