সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে দুই সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা : নেতৃবৃন্দের ক্ষোভ

ব্যুরো চিফ, বরিশাল

পার্কে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে তিন দফায় দুই সাংবাদিককে মারধর করেছে ছাত্রদল নেতারা। এতে এক সাংবাদিক রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বেলস পার্ক গ্রীন সিটি পার্কের প্রবেশপথে।

মারধরের ঘটনায় আহত হয়েছেন সময় টিভির ক্যামেরাপারসন সুমন হাসান এবং চ্যানেল ২৪-এর ক্যামেরাপারসন শাকিল হাওলাদার পাপ্পু। এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে মারধরের ঘটনায় দুই সাংবাদিক আহত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ ও সাধারণ সম্পাদক শাহিন হাসানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

আহত সাংবাদিক সুমন হাসান বলেন, বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যাই। তখন তার মেয়ে ক্লাব-সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। মেয়েকে নিয়ে পার্কে প্রবেশের সময় বাধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। পার্কের মধ্যে বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছিল। তাই সেখানে আর কাউকে প্রবেশ করতে দেবেন না বলে জানান তিনি।

একপর্যায়ে ছাত্রদল নেতার সহযোগীরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে। তখন তার মেয়ে চিৎকার করলে চ্যানেল ২৪-এর ক্যামেরাপারসন পাপ্পু ছুটে আসেন। তিনি পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তারা দুইজনকে মারধর শুরু করে। এতে পাপ্পুর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

তিনি আরও বলেন, নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন। তখন তৃতীয় দফায় ছাত্রদলের মহানগরের সহসভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে হামলা চালায়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ আসার পূর্বেই ছাত্রদল নেতারা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি (সুমন) উল্লেখ করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী বলেন, আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এসময় পরে গিয়ে একজনের মাথা ফেটে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ