সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে দুর্গোৎসবকে ঘিরে র‍্যাবের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

ব্যুরো চিফ, বরিশাল

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর শ্রীশ্রী শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে র‌্যাবের টহল, গোয়েন্দা নজরদারি, ফোর্স রিজার্ভ এবং সাইবার মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারিও জোরদার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিভাগজুড়ে ইতোমধ্যে শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে।

দুর্গোৎসবকে ঘিরে বরিশাল মহানগরীতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিদর্শন করে থানার ওসিদের কঠোর নির্দেশনা প্রদান করেছেন।

পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন উপজেলা প্রশাসন ও র‌্যাব সদস্যরা।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে জানিয়েছেন, এ বছর বরিশাল নগরীর ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী বলেন, এ বছর জেলায় ৬৪০টি এবং বিভাগে ২ হাজার ১২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা মণ্ডপ রয়েছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায়। ওই উপজেলায় ১৭৪টি মণ্ডপে এবার সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

আগৈলঝাড়ায় প্রতিবছরের মতো এবারও সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দিরে। প্রতিটি মণ্ডপে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই দুর্গোৎসব আগামী ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ