সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সমন্বয়ে এবং বাকেরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার গ্রুপ পর্বে আলোচ্য বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।” এসময় বাকেরগঞ্জ উপজেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন যুক্তি ও ধারণা তুলে ধরেন।

অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, মোজাহিদায়া কেরামতিয়া দাখিল মাদ্রাসা, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কলসকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সেন্ট আলফ্রেডস্ হাই স্কুল অ্যান্ড কলেজ, কলসকাঠী বরাদাকান্ত মুক্তাকেশী একাডেমি (মহুমুখী), বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় সেন্ট আলফ্রেডস্ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করে এবং বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় স্থান অর্জন করে।

বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনীল কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে ও সহ-সভাপতি পঙ্কজ কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলামসহ অন্যান্যরা।

পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র ও মেডেল এবং বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ