ব্যুরো চীফ, বরিশাল:
মাহেন্দ্রা যাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় আঞ্জুমান আরা (৪৫) নামের এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায়। আটক আঞ্জুমান আরা জানিয়েছেন, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
গৌরনদী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকার বাসিন্দা ভুক্তভোগী মাহেন্দ্রা যাত্রী মাসুদা আক্তার অভিযোগ করে বলেন, গৌরনদী থেকে মাহেন্দ্রাযোগে কাসেমাবাদ যাওয়ার পথে একই গাড়িতে আরও চার নারী যাত্রী ওঠেন।
তারা কৌশলে আমার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও আঞ্জুমান আরা নামের ওই নারীকে ঝাপটে ধরি এবং চিৎকার শুরু করি। তখন স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে থানায় পুলিশের কাছে সোপর্দ করে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী মাসুদা আক্তারকে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। তিনি লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








