ব্যুরো চীফ, বরিশাল
রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে আছেন মারিয়া আক্তার (১৯) নামের এক নববধূ। গত দশদিনেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মারিয়ার ছবি ও তথ্য প্রকাশ করে তাকে খুঁজে পেতে সহায়তা চাওয়া হয়েছে।
ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের। বুধবার (৮ অক্টোবর) রাতে নিখোঁজ মারিয়ার মা কল্পনা বেগম জানান, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় তার মেয়ে মারিয়া। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, প্রায় এক মাস আগে পারিবারিকভাবে মারিয়ার বিয়ে হয় উজিরপুর পৌরসভার বাসিন্দা ও পেশায় ইজিবাইকচালক খোকনের সঙ্গে। তবে বিয়ের পর এখনো আনুষ্ঠানিকভাবে তাকে (মারিয়া) শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “নববধূ মারিয়ার নিখোঁজের বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে। মারিয়া আক্তারের নিখোঁজের পেছনে প্রেম বা বিয়ে-সংক্রান্ত কোনো ঘটনা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”








