সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

ব্যুরো চীফ, বরিশাল

বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে কয়েকটি গ্রামের মানুষের চলাচল গত দুই দিন ধরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বরিশাল শহরের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার খালে গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে বালুভর্তি একটি বাল্কহেড ব্রিজে ধাক্কা দিলে সেটি ভেঙে খালে পড়ে যায়। এতে দক্ষিণ লামছড়ি, চরবাড়িয়া, কাজীরচর, হরিনাথপুর গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

লামছড়ি এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন বলেন, “ব্রিজ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) লামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। কারণ ভেঙে পড়া ওই ব্রিজটিই ছিল তাদের যাতায়াতের একমাত্র পথ।”

স্থানীয় ইউপি সদস্য মো. আল-মামুন জানান, “ব্রিজটি অনেক পুরনো ছিল। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বালু কেটে বাল্কহেডে করে নেওয়া হচ্ছিল। বুধবার রাতে একটি বাল্কহেড ব্রিজে ধাক্কা দিলে তা ভেঙে পড়ে যায়। ফলে চারটি গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “বিষয়টি বরিশাল সদর উপজেলার প্রকৌশলীকে জানানোর পর তিনি বলেছেন—ব্রিজটি ভেঙে যাওয়ায় ওই এলাকার মানুষের চলাচলের জন্য খুব শিগগিরই অস্থায়ীভাবে একটি সাঁকো নির্মাণ করে দেওয়া হবে। পরবর্তীতে বরাদ্দ পাওয়া গেলে ব্রিজটি নতুন করে নির্মাণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ