শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার, কারাদণ্ড ১

ব্যুরো চিফ, বরিশাল

বরিশাল নগরীর পাঁচটি গুদাম থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালতের বিচারক এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আরও চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ কারাদণ্ডাদেশ ও জরিমানা আদেশ দিয়েছেন।

এক বছরের কারাদণ্ডে দণ্ডিত ব্যবসায়ী হলেন বরগুনার কাজীপাড়া এলাকার বাসিন্দা হযরত আলী সিকদারের ছেলে এবং নগরীর পোর্ট রোড এলাকার নিউ ভাই ভাই স্টোরের মালিক আমিরুল ইসলাম (৪০)।

জরিমানা দেয়া ব্যবসায়ীরা হলেন—আমিরুল ইসলাম, তার ভাই জহিরুল ইসলাম, একই এলাকার নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন এবং বরিশাল নগরীর পলাশপুরের বাসিন্দা রশিদ সিকদারের ছেলে আ. ছালাম।

নির্বাহী হাকিম মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ জানিয়েছেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-র তথ্যানুযায়ী নগরীর পোর্ট রোড এলাকার জাল বিক্রির দোকানের পাঁচটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি গুদাম থেকে ৪০ বস্তা নিষিদ্ধ চায়না দোয়ারী ও ১৬ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা। নিষিদ্ধ এসব জাল বিক্রির জন্য মজুদ করায় চারজনকে ২৬ হাজার টাকা জরিমানা ও একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ