,

বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ব্যুরো চিফ, বরিশাল:

সড়ক দুর্ঘটনায় শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল নগরীর সাগরদী ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।

সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় সাগরদী আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। পরে মানববন্ধনটি বিক্ষোভে রূপ নিলে ছাত্র ও শিক্ষকরা মাদ্রাসার সামনের মহাসড়ক অবরোধ করেন। দুই ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে সাগরদী আলিয়া মাদ্রাসা থেকে রূপাতলী বাসস্ট্যান্ড ও নথুল্লাবাদ পর্যন্ত উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় পথচারী ও যানবাহনের যাত্রীদের।

সাগরদী আলিয়া মাদ্রাসার শিক্ষক খালিদ হোসেন বলেন, মাদ্রাসার সামনে কোনো স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গত ৩ আগস্ট মাদ্রাসার সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তার সড়ক পার হওয়ার সময় গুরুতর আহত হন। বেপরোয়া গতিতে এ সড়কে যান চলাচল করায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। ফলে মাদ্রাসার সামনে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল খান বলেন, স্পিড ব্রেকারের দাবিতে সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। কারণ এটি শুধু শিক্ষার্থীদের দাবি নয়; দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকার নির্মাণের দাবি পুরো এলাকাবাসীর।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যান চলাচল বন্ধ করে কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না মর্মে নির্দেশনা রয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুর একটার দিকে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ