ব্যুরো চীফ, বরিশাল
ছাত্রদল নেতার মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাই মামলার পলাতক আসামি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা জাকির হোসেন বাকাল গ্রামের মো. জোনাবালীর ছেলে।
এজাহারে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে গৈলা বাজারে বসে প্রকাশ্যে যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে গুরুতর আহত করে। এসময় ছাত্রদল নেতার সঙ্গে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে ছিনিয়ে নেওয়া হয়।
ওই ঘটনায় ছাত্রদল নেতা রাতুল ইসলাম বাদি হয়ে আগৈলঝাড়া থানায় ২০২৫ সালের ১২ জানুয়ারি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভূক্ত আসামি উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকেই জাকির হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাকাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।








