ব্যুরো চীফ, বরিশাল
বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান রহমানিয়া ক্বিরাতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক নুরুল ইসলাম ফিরোজী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় শুক্রবার (১০ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ পরিচালকের স্ত্রী। কাউনিয়া থানার ওসি মো. ইসমাইল হোসেন জানিয়েছেন—থানায় সাধারণ ডায়েরির পর নিখোঁজ পরিচালক নুরুল ইসলাম ফিরোজীর সন্ধানে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর অজ্ঞাতনামা ব্যক্তির ফোন পেয়ে মাদ্রাসা থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন পরিচালক নুরুল ইসলাম ফিরোজী। তবে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন মাদ্রাসায় রেখে গেছেন বলে জানা গেছে।
পরিচালকের আকস্মিক নিখোঁজের ঘটনায় তার পরিবারের সদস্যসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।








