,

বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ব্যুরো চীফ, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড় সংলগ্ন সিএনজি পাম্পের সামনে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত এবং দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগৈলঝাড়ার পয়সারহাট থেকে ছেড়ে আসা শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাড়ায় চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ দুইজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় চালক মো. কবির হাওলাদার মৃত্যুবরণ করেন।

গুরুতর আহতরা হলেন—পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা রেজাউল করিম (৪৫) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩০)। তারা বর্তমানে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এয়ারপোর্ট থানার ওসি মো. মামুন উল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত বরিশালের দিকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া বাসটির খোঁজে অভিযান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ