সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

ব্যুরো চীফ, বরিশাল

সংবাদ প্রকাশের জেরে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে আসামি করে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে বুধবার বেলা ১১টার দিকে গৌরনদী সাংবাদিক ফোরামের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক সরদার মনিরুজ্জামান।

বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, যুগ্ম আহ্বায়ক কাজী রনি, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব ইয়াদুল ইসলাম, আব্দুল্লাহ আল-নোমান, সদস্য সুমন তালুকদার, মাসুদ সরদার, জসীম উদ্দিন হাওলাদার, রুহুল আমিন, সিফাত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, একটি ফিলিং স্টেশনের জমি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি একপক্ষ ওই ফিলিং স্টেশনের সামনে বাঁশ দিয়ে বেড়া দেন। এ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অন্যান্য সংবাদকর্মীদের সাথে সেখানে যান সাংবাদিক মোল্লা ফারুক হাসান। পরবর্তীতে তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় হামলা, ভাঙচুর ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে একটি লিখিত আবেদন করে। ওই আবেদনে প্রতিপক্ষের লোকজনের পাশাপাশি সাংবাদিক মোল্লা ফারুক হাসানকেও আসামি করা হয়।

বক্তারা আরও বলেন, থানা পুলিশ অভিযোগের তদন্ত না করেই একটি বিশেষ মহলের তদবিরে লিখিত অভিযোগটি মামলা হিসেবে এজাহারভুক্ত করেছে। যে মামলায় সাংবাদিক মোল্লা ফারুক হাসানকেও আসামি করা হয়েছে।

বক্তারা অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ