ব্যুরো চীফ, বরিশাল
সদ্য নির্মিত ইটের সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলে বাধা প্রদান করায় স্বামী-স্ত্রীকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। বরিশালের গৌরনদী উপজেলায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের।
রবিবার (২ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের বাসিন্দা মুদি ব্যবসায়ী হারুন বেপারী (৭০) অভিযোগ করে বলেন, সম্প্রতি শাহাজিরা গ্রামের একটি মাটির রাস্তা ইট সলিং করা হয়। রাস্তার ক্ষতির আশঙ্কায় ভারী যানবাহন চলাচল করতে নিষেধ করেছিলেন ঠিকাদাররা।
তিনি আরও জানান, ঠিকাদারের নিষেধ অমান্য করে সদ্য নির্মিত ইট সলিংয়ের রাস্তা দিয়ে ভারী যানবাহনে গত কয়েক দিন যাবত ইট-বালু নিয়ে রাস্তার একাধিক স্থান ক্ষতিগ্রস্ত করেন স্থানীয় হান্নান বেপারী।
রবিবার সকালে হান্নান বেপারীকে রাস্তা টেকসই হওয়ার পর ইট-বালু নেওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে হান্নান ও তার ছেলে জিসান বেপারী ক্ষিপ্ত হয়ে আমাকে (হারুন বেপারী) হাতুড়ি পেটা করে আমার সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এসময় আমার চিৎকারে স্ত্রী কহিনুর বেগম (৬০) এগিয়ে এলে তাকেও হাতুড়ি পেটা করা হয়। এমনকি হান্নানের স্ত্রী রিনা বেগম আমাকে (হারুন) ঝাড়ুপেটা করেন।
অভিযোগ করে বৃদ্ধ হারুন বেপারী আরও বলেন, হামলার ঘটনায় রবিবার দুপুরে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলা ও ছিনতাইয়ের সত্যতা পেয়ে হান্নানের স্ত্রী রিনা বেগমকে আটক করে নিয়ে আসে। পরবর্তীতে রহস্যজনক কারণে রিনাকে পুলিশ ছেড়ে দেয়। এমনকি পুলিশ আমাকে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেয়।
হাতুড়ি পেটার অভিযোগ অস্বীকার করে হান্নান বেপারী বলেন, হারুন ও তার পরিবারের লোকজন আমার ওপর হামলা চালিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ তদন্ত করে ঘটনার কোনো সত্যতা পায়নি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








