ব্যুরো চীফ, বরিশাল:
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যখাতের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং তিন দফা দাবি আদায়ে টানা ষষ্ঠ দিনের মতো ব্লকেড কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন।
ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। আন্দোলনকারীরা জানান, আন্দোলন ১৬তম দিনে পৌঁছালেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তাদের অভিযোগ, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা চলছেই। বছরের পর বছর মানোন্নয়নের দাবি জানানো হলেও স্বাস্থ্য দপ্তর শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, বাস্তবে কোনো পরিবর্তন আসেনি।
একই দাবিতে সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে হাসপাতালের প্রধান গেটে বেশ কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে দুইজন অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া নগরীর সদর রোড এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন।
আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা বরিশালের রাজপথে এসে ছাত্র-জনতার যৌক্তিক দাবি শুনে তা বাস্তবায়নের নির্ধারিত সময় ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—
- সারাদেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন
- আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ
- স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি
- দলীয় রাজনীতি নিষিদ্ধকরণ
- ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠন
তারা আরও দাবি করেন, এসব সমস্যার দ্রুত সমাধানে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তি শুনে তদন্তসাপেক্ষে সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।








