শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী ইলেন ভুট্টো

ব্যুরো চীফ, বরিশাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী তালিকায় বরিশাল বিভাগের একমাত্র নারী প্রার্থী ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় ঝালকাঠি-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এর মাধ্যমে বরিশাল বিভাগের একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

দলীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলার দুটি আসনের মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি)। এর মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে এখনও বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ আসনে কেন্দ্র থেকে পরে সিদ্ধান্ত জানানো হবে।

ঝালকাঠি জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, নির্বাচন ঘনিয়ে আসায় দ্রুত প্রার্থী ঘোষণা মাঠপর্যায়ে সংগঠনে গতি আনতে সহায়ক হবে। ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নাম ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। স্বামীর মৃত্যুর পর শূন্য হওয়া আসনে ২০০০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আমির হোসেন আমুকে পরাজিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ