বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল-১ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতার গণসংযোগ

ব্যুরো চীফ, বরিশাল

নিজ নির্বাচনী এলাকায় ব্যতিক্রমধর্মী গণসংযোগ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পায়ে হেঁটে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বিভিন্ন বাজারে যান। স্থানীয় জনসাধারণের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন তিনি। এভাবেই তিনি ব্যতিক্রমধর্মী গণসংযোগ পরিচালনা করেন।

গণসংযোগ শেষে দুপুরে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, “দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দীর্ঘদিন পর মানুষ মন খুলে কথা বলতে পারছেন, এটাই সবচেয়ে বড় অর্জন।”

বিগত সরকারের সময়ে একাধিকবার হামলা ও অসংখ্য মামলায় কারাভোগ করেও প্রতিটি আন্দোলন-সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং রাজপথে সরব থাকার কারণে ক্লিন ইমেজের নেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। এবারের গণসংযোগের মূল লক্ষ্য ছিল জনগণের কাছে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া।

গণসংযোগকালে কেউ এলাকার সমস্যা তুলে ধরেছেন, কেউ জানিয়েছেন ভবিষ্যতের স্বপ্ন। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার লড়াই নয়, মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রাখার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নীতিনির্ধারকরা যদি আমাকে ধানের শীষ প্রতীক দেন, তারপরও জনগণ যদি মনে করেন আমি খারাপ, আমার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি কিংবা দুর্নীতির অভিযোগ আছে—তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না।”

সবশেষে তিনি বলেন, “বিএনপি ও এর সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের পাশে অতীতের মতো এখনো আছি, ভবিষ্যতেও থাকব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ