ব্যুরো চীফ, বরিশাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের দুর্দিনের নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত এলাকা আগৈলঝাড়া উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নির্বাচনী এলাকার বিএনপি ও তার অঙ্গসংগঠনের বৃহৎ অংশের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন, বিএনপির ঘোষিত খসড়া তালিকায় যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত ওয়ান-ইলেভেনের সময় জিয়াউর রহমানের পরিবার ও দলকে নিয়ে চরম বিষোদ্গার করেছেন। এছাড়াও তিনি সংসদ সদস্য থাকাকালীন এ আসনে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই সময় এ আসনের অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের নারী-পুরুষকে জীবন রক্ষার জন্য রামশীলে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তাকে পুনরায় এ আসনে মনোনয়ন দেওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বিগত পতিত সরকারের সময়ে তাকে রাজপথে কোনো আন্দোলন-সংগ্রামে পাওয়া যায়নি।
অপরদিকে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে একাধিকবার হামলা, অসংখ্য মামলায় কারাভোগ করেছেন। এছাড়াও কারাভোগ করা দলীয় নেতাকর্মীদের নিজ অর্থে তিনি (সোবহান) জামিনে মুক্ত করিয়েছেন। দলের চরম দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে এবং এ আসনের হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের একমাত্র আশ্রয়স্থল হিসেবে সবার কাছে আস্থা অর্জন করেছেন।

হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ নিশ্চিন্তে বাড়ি-ঘরে থাকার জন্য অতিদ্রুত বরিশাল-১ আসনে দেওয়া মনোনয়ন বাতিল করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে মনোনয়ন দেওয়ার দাবি করেন।
মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতা নবীন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন—রবীন্দ্রনাথ গাইন, দীলিপ ঘটক, বিধান সরকার, হরিপদ বাড়ৈ, হাসি মধু, শিখা রাণী, প্রমিলা মধুসহ অন্যান্যরা।
এসময় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক ডা. মাহবুবুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
কর্মসূচিতে বরিশাল-১ আসনের বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।








