ব্যুরো চিফ, বরিশাল:
ত্রিধাবিভক্ত হয়ে আগামীকাল ৫ আগস্ট ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিবস’ পালনের আয়োজন করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি নেতৃবৃন্দ।
৫ আগস্ট (মঙ্গলবার) তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পৃথক সভা ও র্যালির আয়োজন করা হয়েছে। একই কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক নেতৃত্বে প্রস্তুতি সভা ও ভিন্ন কর্মসূচি পালনের ঘটনায় কর্মী-সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি ও হতাশা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১০টায় আগৈলঝাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভা শেষে একটি র্যালির আয়োজন করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, সদস্যসচিব সাইফুল ইসলাম শিপন ও জেলা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম টিটন।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে ৫ আগস্ট বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে সভা শেষে র্যালির আয়োজন করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন শিকদার, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না, মাওলানা আবদুর রব মিয়া, হেমায়েত উদ্দিন তালুকদার ও সালমান হাসান রিপন।
অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১০টায় সরকারি গৌরনদী কলেজ মাঠে সভা শেষে র্যালির আয়োজন করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ও সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আগৈলঝাড়া উপজেলা বিএনপি তিন ধারায় বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করে আসছে। মাঝে মধ্যে কুদ্দুসুর রহমান ও সোবহানপন্থীরা একসঙ্গে কর্মসূচি পালন করলেও জহির উদ্দিন স্বপনের অনুসারীরা সবসময়ই পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সূত্রে আরও জানা গেছে, ওই তিন নেতাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।








