ব্যুরো চীফ, বরিশাল
তরুণ রাজনীতিবিদ পারভেজ সোবহান বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি শুধু জন্মদিন নয়; এ দিনটি আমাদের আত্মমর্যাদা, গণতন্ত্র ও দেশের প্রতি ভালোবাসার প্রতীক।”
তিনি বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি স্বাধীন, আত্মনির্ভরশীল ও জনগণের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের সেই স্বপ্ন আজও আমাদের পথ দেখাচ্ছে।”
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের যোগ্য উত্তরসূরী, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষিত এই তরুণ নেতা আরও বলেন, “যুব সমাজ আমাদের শক্তি, নারীরা আমাদের গর্ব এবং প্রবীণরা আমাদের অভিজ্ঞতার আলোকবর্তিকা। দেশের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষ বিএনপির আপনজন। অন্যসব দলের মতো বিএনপি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়; বিএনপি জনগণের দল।”
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ সেপ্টেম্বর বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে পারভেজ সোবহান আরও বলেন, “আমার রাজনৈতিক একমাত্র অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে কেউ বঞ্চিত থাকবে না, কেউ নিরাপত্তাহীনতায় থাকবে না, এবং প্রতিটি মানুষ মাথা উঁচু করে তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে। এ কারণেই তিনি ৩১ দফা ঘোষণা করেছেন।”








