ব্যুরো চীফ, বরিশাল:
বিএনপি দলীয় সাবেক এমপি ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) বিলকিস জাহান শিরিনের দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন।
সোমবার (১ সেপ্টেম্বর) বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন। এসময় মামলার বাদী বিলকিস জাহান শিরিন আদালতে অনুপস্থিত ছিলেন।
সূত্র জানায়, গত বছরের ১১ আগস্ট দৈনিক যুগান্তরে বিলকিস জাহান শিরিনের নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার একটি পুকুর দখল সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এরপর চলতি বছরের ৩ জুলাই ওই সংবাদকে কেন্দ্র করে তিনি সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন। প্রায় ১১ মাস পর মামলার শুনানিতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
বিলকিস জাহান শিরিনের পক্ষে মামলা পরিচালনা করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম জাহান।
অন্যদিকে সাংবাদিক আকতার ফারুক শাহিনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মহসিন মন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ প্রায় অর্ধশত আইনজীবী।
উল্লেখ্য, নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার পুকুর ভরাট সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিএনপির হাইকমান্ড বিলকিস জাহান শিরিনের সাংগঠনিক সম্পাদক পদসহ সব পদ স্থগিত করে। এরপর মামলার প্রতিক্রিয়ায় বরিশাল বিভাগজুড়ে বিভিন্ন সাংবাদিক সংগঠন সাংবাদিক আকতার ফারুক শাহিনের পক্ষে মানববন্ধন ও সমাবেশ করে মামলাটি প্রত্যাহারের দাবি জানায়।









