ব্যুরো চিফ, বরিশাল
প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায় ও দুঃস্থ পরিবারের পাঁচ শতাধিক নারী ও পুরুষ একসঙ্গে পেয়েছেন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা এবং ওষুধ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল নয়টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ সেবা পেয়ে বেজায় খুশি প্রত্যন্ত এলাকার নারী-পুরুষরা।
জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের প্রত্যন্ত মৈস্তারকান্দি গ্রামের ব্যাপটিস্ট চার্চ মিশন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটি’।
দিনব্যাপী ওই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন গৌরনদী উপজেলা হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ এমবিবিএস চিকিৎসক ডা. মেহেদী হাসান নাঈম এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গৌরব মজুমদার বিক্রম। তাঁদের সহকারী হিসেবে হাসপাতালের দুইজন নার্স মেডিকেল ক্যাম্পে সহায়তা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক দুলাল রায় বলেন, “দীর্ঘ বছর যাবৎ গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যরা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের জন্য আমাদের এ মেডিকেল ক্যাম্পের আয়োজন। ক্যাম্পে গ্রামাঞ্চলের সব শ্রেণির মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন।”
মেডিকেল ক্যাম্পে সংগঠনের ক্যাশিয়ার পল্লব বৈদ্য, উপদেষ্টা রেভা বিদ্যুৎ রায়, শিশু রঞ্জন ঢালীসহ অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।
চিকিৎসাসেবা নেওয়া রঞ্জিত বাড়ৈ, সুমিতা বালা, ইলিয়াস হোসেন, রেবেকা বেগমসহ অন্যান্যরা এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা এবং ওষুধ পেয়ে মহাখুশি। তাঁরা সকলেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গ্রামের দরিদ্র পরিবারের নারী-পুরুষদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পেরে নিজেদের ধন্য মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেহেদী হাসান নাঈম ও ডা. গৌরব মজুমদার বিক্রম। তাঁরা বলেন, “এভাবে অন্যান্য সংগঠনগুলোও যদি এগিয়ে আসে, আমরা তাঁদের ক্যাম্পে গিয়ে চিকিৎসাসেবা প্রদান করব।”
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহিন বলেন, “প্রথমে উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাকে ফ্রি মেডিকেল ক্যাম্পের বিষয়টি অবহিত করেন। বিষয়টি আমার কাছে খুব ভালো মনে হওয়ায় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ নার্সদের ওই ক্যাম্পে পাঠিয়েছি। ভবিষ্যতে স্বেচ্ছায় কোনো সংগঠন থেকে এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করলে তাঁদেরও সহযোগিতা করা হবে।”
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, “সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ যখন স্বেচ্ছায় ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য অনুমতি নিতে আমার কাছে এসেছিলেন, তখন তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য শুনে আমার খুব ভালো লেগেছে। এভাবে তাঁদের মতো অন্যান্য সংগঠনগুলোও যদি স্বেচ্ছায় এগিয়ে আসে, তাহলে প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের কেউ অর্থাভাবে আর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। এমন উদ্যোগ নিয়ে কোনো সংগঠন এগিয়ে এলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”








