ব্যুরো চীফ, বরিশাল
বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. মোফাছ্ছেল হোসেন মিয়াকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ উপলক্ষে মাদ্রাসার মিলনায়তনে রোববার (৫ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আলহাজ আব্দুর রব সিকদার।
প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ আবুল হোসেন মিঞা, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন মিয়া, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমান এবং সহ-সুপার জসিম উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কেএম শাহ আলম কবিরাজ, সাংবাদিক সৈয়দ নকিবুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. মোফাছ্ছেল হোসেন ১৯৯৬ সালের ২৮ নভেম্বর মাদ্রাসায় যোগদান করেন। একটানা ২৯ বছরের কর্মজীবনে তিনি সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।
সবশেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা মো. মিজানুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।








