,

বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ব্যুরো চিফ, বরিশাল

নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ না করে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নিলু। তিনি অভিযোগ করে বলেন, বরিশাল সিটি করপোরেশন পর্যটন কেন্দ্র কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের লক্ষ্যে ১৭ কোটি টাকা ব্যয়ে ৭.৩২ শতক জমি ক্রয় করেছে।

ইতোমধ্যে পাঁচ কোটি টাকা ব্যয়ে বায়নাদলিল সম্পন্ন করেছে। অথচ আমরা জানি বর্তমানে সিটি করপোরেশনের ৩৮৪ কোটি টাকা দেনা রয়েছে। এর মধ্যে ঠিকাদাররা পাবে ৩০০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ পাবে ৬৪ কোটি টাকা আর ২০ কোটি টাকা পাবে চাকরি থেকে অবসরপ্রাপ্ত ও চাকরি হারানো নিম্নবেতনভুক্ত কর্মচারীরা। বর্তমানে কর্মরতদের মাঝেও রয়েছে বেতন বৈষম্যের অসন্তোষ।

তিনি আরও বলেন— বরিশাল সিটি করপোরেশন নানা সমস্যায় নিমজ্জিত। যার মধ্যে অন্যতম নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিবহনের বেহাল দশা, ড্রেনেজ ও পয়নিষ্কাশন ব্যবস্থার খারাপ অবস্থা। মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থার ভঙ্গুর দশা। বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মচারীরা সম্পূর্ণ অনিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করেন। তাদের জন্য কোনো নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা নেই। যা তাদের ও তাদের পরিবারকে ভীষণ স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।

এছাড়াও নগরবাসীর সুপেয় পানির জন্য কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি এখনো চালু করা যায়নি। একইসাথে নগরীর ৫ নম্বর ওয়ার্ডসহ আরও কিছু এলাকা সামান্য জোয়ারেই ডুবে যায়। এজন্য কোনো পরিকল্পনা নেই। এহেন পরিস্থিতিতে সিটি করপোরেশনের কোটি কোটি টাকা ব্যয় করে রিসোর্ট তৈরির মতো বিলাসবহুল প্রকল্প গ্রহণকে আমরা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছি।

দেওয়ান আবদুর রশিদ নিলু আরও বলেন— এ প্রকল্প বাতিলের জন্য মহামান্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হলে আদালত গত ১৭ নভেম্বর বিষয়টি আমলে নিয়ে সিটি করপোরেশনের এ প্রকল্পের জন্য জমি ক্রয়ের ওপর আগামী ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিসির এ উচ্চবিলাসী প্রকল্প বাতিলের জন্য তিনি জোর দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ