ব্যুরো চীফ, বরিশাল
ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বরিশালের গৌরনদী উপজেলার নারী সুবিধাভোগীদের নতুন কার্ড ও দুই মাসের ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। নতুন কার্ড ও চাল পেয়ে খুশি গৌরনদীর ২ হাজার ৬১১টি পরিবার।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সৌরভ ভট্টাচার্য প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছর মেয়াদী ভিডব্লিউবি কর্মসূচির আওতায় গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ৬১১ জন নারী নতুন কার্ড এবং দুই মাসের ৬০ কেজি করে চাল পেয়েছেন। এর মধ্যে মাহিলাড়া ইউনিয়নে ৩৩৫ জন, বাটাজোরে ৩৮০, সরিকলে ৩৯৬, নলচিড়ায় ৩৭৫, বার্থীতে ৪৪০, খাঞ্জাপুরে ৩৮৫ এবং চাঁদশী ইউনিয়নে ৩০০ জন কার্ডধারী রয়েছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের কার্ড বিতরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “সুবিধাভোগী প্রতি নারীকে প্রতি মাসে চাল নেওয়ার সময় সঞ্চয় বাবদ ২২০ টাকা হারে জমা করতে হবে। দুই বছর মেয়াদ শেষে জমাকৃত সঞ্চয়ের পুরো টাকা তাদের ফেরত দেওয়া হবে।”








