,

ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য আটক

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়লেন মেহেদী হাসান শাওন নামের এক ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য। কারা কর্তৃপক্ষ শনিবার (২৩ আগস্ট) সকালে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।

আটককৃত মেহেদী হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের ফিরোজ আলমের ছেলে।

সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মেহেদী হাসান শাওন কারাগারে বন্দি থাকা শিক্ষার্থী হুসাইন আল সোহানের সঙ্গে দেখা করার আবেদন করে। তখন তাকে শনিবার সকালে আসতে বলা হয়। পরদিন সকালে তিনি কারাগারে গিয়ে নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দেন। এতে কারা কর্তৃপক্ষের সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়।

ওইসময় তার কাছে পরিচয়পত্র (আইডি কার্ড) চাইলে তিনি তা দেখাতে পারেননি। পরে প্রমাণিত হয় তিনি ভুয়া গোয়েন্দা সদস্য। জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেন তিনি ভুল করেছেন।

সিনিয়র জেল সুপার আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ২০২৪ সালে এক মামলায় মেহেদী নিজেও কারাগারে ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করবে এবং প্রতারককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মেহেদী হাসান শাওন দীর্ঘদিন ধরে নিজেকে কখনো ডিজিএফআই, কখনো বিজিবি আবার কখনো বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে কেন তিনি শিক্ষার্থী হুসাইন আল সোহানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সে বিষয়ে কিছু বলেননি মেহেদী হাসান শাওন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ